বারেই মঙ্গল! আল হুসেইনকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ‘জীবিত’ ইস্টবেঙ্গল
West Bengal 24 Nov 2026, 09:32 PM

বারেই মঙ্গল! আল হুসেইনকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ‘জীবিত’ ইস্টবেঙ্গল

S
Sangbad Pratidin
@sangbadpratidin
ইস্টবেঙ্গল: ১ (জিকসন)
আল হুসেইন: ০
বারটা মঙ্গলবার। আজ যুবভারতী স্টেডিয়ামে যে হাজার কয়েক ইস্টবেঙ্গল সমর্থক খেলা দেখতে গিয়েছিলেন, ফেরার সময় তাঁরা নিশ্চিতভাবে মনে মনে বলেছেন, বারপোস্টটা ছিল বলেই মঙ্গল। নাহলে হয়তো একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত। কিন্তু ভাগ্য সহায় ছিল। তাই লজ্জা নয়, দিনের শেষে ইস্টবেঙ্গল মাঠ ছাড়ল মাথা উঁচু করে। ভারতীয় ফুটবলে ইতিহাস গড়ে জর্ডনের আল হুসেইনকে হারিয়ে দিল লাল-হলুদ শিবির। ম্যাচের একমাত্র গোলটি করলেন জিকসন সিং।
পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে জিততেই হবে। এই অঙ্ক নিয়ে খেলতে নামে হাবাস নিজের হাতের সেরা অস্ত্রদের মাঠে নামিয়ে দিয়েছিলেন। একসঙ্গে জুভিলিচ, রশিদ, রামিরেজ, লোবা সকলে মাঠে। কিন্তু তাতেও যে লাল-হলুদ শিবির খুব মসৃণ ফুটবল খেলেছে, তেমন নয়। সত্যি বলতে, এদিনের ম্যাচের ফলাফল অনেক খারাপ হতে পারত ইস্টবেঙ্গলের জন্য। যদি না বারদেবতা সহায় হতেন। গোটা ম্যাচে অন্তত বার পাঁচেক আল হুসেইন আর গোলের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে বারপোস্ট। আবার আল হুসেইনের স্ট্রাইকাররাও এমন কিছু সহজ গোল নষ্ট করেছেন যা একেবারেই তাঁদের খেলার মানের সঙ্গে মানানসই নয়।
কিন্তু ওই যে ভাগ্য সহায় ছিল। ভূরি ভূরি সুযোগ পেয়ে সেগুলি নষ্ট করল আল হুসেইন। কখনও বারে লাগালেন স্ট্রাইকাররা, কখনও ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করলেন আবার কখনও লাচেনপা ভালোমানের সেভ করে গেলেন। অবশ্য এক্ষেত্রে ইস্টবেঙ্গলের আনোয়ার আলি-হীন রক্ষণের লড়াইয়ের প্রশংসাও করতে হয়। আল হুসেইনের একের পর এক আক্রমণেও ভেঙে পড়েনি লাল-হলুদ দুর্গ। 
সেখানে ইস্টবেঙ্গল যে গুটিকয়েক সুযোগ পেয়েছিল সেটারই একটা কাজে লেগে গেল। গোটা প্রথমার্ধে সেভাবে উল্লেখ করার মতো কিছু করেনি লাল-হলুদ আক্রমণভাগ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকটাও তাই। দ্বিতীয়ার্ধের শেষের দিকে কিছুটা আক্রমণাত্মক মেজাজে ধরা দেন রশিদরা। আর তাতেই চলে আসে সাফল্য। ৮৭ মিনিটে অনবদ্য গোলে জিকসন জয় এনে দিলেন ইস্টবেঙ্গলকে। বক্সের ভিতর থেকে তাঁর শট যেন দেখতেই পেলেন না আল হুসেইন গোলরক্ষক। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে জয়। ভারতীয় ফুটবলে ইতিহাস। 
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation