বিএলও স্বামীর সঙ্গে সম্পর্ক! সন্দেহে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গ্রেপ্তার স্ত্রী
West Bengal 24 Nov 2026, 09:32 PM

বিএলও স্বামীর সঙ্গে সম্পর্ক! সন্দেহে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গ্রেপ্তার স্ত্রী

S
Sangbad Pratidin
@sangbadpratidin
স্বামী বিএলও। সেই সূত্রে এলাকার লোকজনদের সঙ্গে তাঁর পরিচয়, কথাবার্তা, যোগাযোগ। সেই সূত্র ধরেই স্বামীর সঙ্গে প্রতিবেশী তরুণীর সম্পর্ক! সেই সন্দেহে প্রতিবেশী তরুণীর বাড়িতে গিয়ে ছুরি দিয়ে কোপালেন ওই বিএলওর স্ত্রী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায়। জখম তরুণী বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ, মঙ্গলবার দুপুরে এই ঘটনায় হইচই পড়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অশোকনগরের নয়াসমাজ কাকপুল এলাকায় ওই দুই পরিবারের বাড়ি। জখম তরুণী বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত লক্ষ্মী বিশ্বাসকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, লক্ষীর স্বামী বিএলও-র কাজ করেন। সেই সূত্রে প্রতিবেশী তরুণীর সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরেই। স্বামী ওই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, এমনই সন্দেহ করেছিলেন স্ত্রী।
এদিন তরুণীর বাড়িতে গিয়ে কথা বলার নাম করে ঘরে ঢোকেন লক্ষ্মী। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই ধারালো ছুরি দিয়ে তরুণীর ডান চোখের উপরে কোপ মারেন তিনি। দিদির আর্তনাদ শুনে ওই ঘরে ঢোকেন আক্রান্ত তরুণীর ভাই। কোনওরকমে লক্ষ্মীকে ধরে ফেলা হয়। স্থানীয়রা ছুটে যান ওই বাড়িতে। বিএলও-র স্ত্রীকে পাকড়াও করে পুলিশে খবর দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় প্রথমে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণীকে। পরে তাঁকে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।
পুলিশ লক্ষ্মীকে গ্রেপ্তার করেছে। অবশ্য লক্ষ্মীর দাবি, “ওর জন্য আমার সংসার ভাঙতে বসেছে। হাতের কাছে যা ছিল, সেটা দিয়েই তরুণীকে আঘাত করেছি।” যদিও আক্রান্তের ভাইয়ের বক্তব্য, তাঁর দিদির সঙ্গে লক্ষ্মীর স্বামীর কোনও সম্পর্ক নেই। বিএলও-র কাজের সূত্রে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে কথাবার্তা হত। সন্দেহ থেকেই এই হামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation