গোটা ফ্ল্যাটে গ্যাসের তীব্র গন্ধ, ঘরে মিলল বাবা-ছেলের মৃতদেহ! চাঞ্চল্য দমদমে
West Bengal 13 Nov 2026, 07:21 PM

গোটা ফ্ল্যাটে গ্যাসের তীব্র গন্ধ, ঘরে মিলল বাবা-ছেলের মৃতদেহ! চাঞ্চল্য দমদমে

S
Sangbad Pratidin
@sangbadpratidin
বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হল বাবা-ছেলের মৃতদেহ। ফ্ল্যাটের ভিতরে তীব্র গ্যাসের গন্ধ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদমের শেঠবাগান এলাকায়। কীভাবে দু’জনের মৃত্যু হল? খুন নাকি অন্য কিছু? সেই রহস্য দানা বেঁধেছে। রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে কি এই ঘটনা? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেঠবাগানের এই বহুতলের তিনতলার ফ্ল্যাটে থাকতেন বাবা-ছেলে। বৃদ্ধ তপনকুমার চট্টোপাধ্যায়ের পালিত পুত্র ছিলেন বছর ২২-এর এম ডি হোসেন ওরফে সূর্য। এদিন সকাল থেকেই ওই ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ ছিল। দু’জনের কোনও সাড়াও পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের সন্দেহ হওয়ায় নাগেরবাজার থানায় খবর দেওয়া হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ভিতর থেকে কোনও সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ফ্ল্যাটের ভিতর গ্যাসের তীব্র ঝাঁঝালো পাওয়া যায়। দেখা যায় ফ্ল্যাটের দুই ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে আছেন বাবা-ছেলে। পরীক্ষা করে পুলিশ জানায় দু’জনেই মৃত। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তপনকুমার চট্টোপাধ্যায় বেসরকারি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। বাবা-ছেলে কি আত্মহত্যা করেছেন? নাকি খুন? ফ্ল্যাটের মধ্যে গ্যাসের গন্ধ এল কীভাবে? সিলিন্ডার লিক করে কি গ্যাস ছড়িয়েছে? গ্যাস লিক হলে কেন বাবা-ছেলে ফ্ল্যাট থেকে বেরতে পারলেন না? সেসব প্রশ্ন উঠেছে।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তপনকুমার চট্টোপাধ্যায় এলাকায় লোকজনদের সঙ্গে মেলামেশা করতেন বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
 
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation