এনজেপি স্টেশনের কাছেই উদ্ধার বিপুল অস্ত্র-১৫০ রাউন্ড কার্তুজ, নাশকতার ছক? তদন্তে পুলিশ
West Bengal 10 Nov 2026, 05:36 PM

এনজেপি স্টেশনের কাছেই উদ্ধার বিপুল অস্ত্র-১৫০ রাউন্ড কার্তুজ, নাশকতার ছক? তদন্তে পুলিশ

S
Sangbad Pratidin
@sangbadpratidin
কালীপুজোর উৎসব এখনও চলছে। তার মধ্যেই নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের কাছেই উদ্ধার হল বিপুল পরিমাণে অস্ত্র-কার্তুজ। পুলিশ জানিয়েছে, কমপক্ষে ১৫০ রাউন্ড কার্তুজ মিলেছে। উত্তরে এখন পর্যটনের মরশুম। তার মধ্যেই এই অস্ত্র উদ্ধার। নাশকতার কোনও ছক কষা হচ্ছিল? নাকি অন্য কোনও বিষয়? সেই প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্টেশনের কাছেই একটি ইন্ডিয়ান অয়েল আন্ডারপাসের কাছে পুলিশ আউট পোস্ট রয়েছে। আজ, মঙ্গলবার সকালে সেই পুলিশ আউট পোস্টের কাছেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এলাকার বাসিন্দা নিতাই শীল রাস্তার ধারে ওই ব্যাগ দেখেছিলেন। তিনিই নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে বিষয় জানান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ব্যাগটি খুলতেই চক্ষুচড়কগাছ হয় পুলিশ কর্মী-আধিকারিকদের।
দেখা যায়, ব্যাগের মধ্যে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও কার্তুজ থরে থরে সাজানো রয়েছে। ব্যাগটি দ্রুত বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। ব্যাগের মধ্যে প্রায় দেড়শো রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। মিলেছে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র। কীভাবে ওই এলাকায় এত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ এল? কারা সেগুলি সেখানে রেখে গেল? সেই প্রশ্ন উঠেছে। স্টেশন সংলগ্ন এলাকা সবসময়ই জমজমাট থাকে। পুলিশ আউটপোস্টের কাছে কীভাবে এই অস্ত্রসমেত ব্যাগ রেখে যাওয়া সম্ভব? কোনও অপরাধমূলক পরিকল্পনার উদ্দেশ্যেই কি অস্ত্রগুলি মজুত করা হয়েছিল? নাকি নাশকতার ছক কষা হচ্ছিল? নাকি ওই অস্ত্র পাচার করা হচ্ছিল?
পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে খতিয়ে দেখা শুরু হয়েছে। রেল স্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
5

Comments (0)

Login to join the conversation