বুড়িমার পুজোর উদ্বোধনে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী, পুষ্পবৃষ্টিতে স্বাগত জানাতে প্রস্তুত কর্তৃপক্ষ
West Bengal 16 Nov 2026, 05:41 PM

বুড়িমার পুজোর উদ্বোধনে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী, পুষ্পবৃষ্টিতে স্বাগত জানাতে প্রস্তুত কর্তৃপক্ষ

S
Sangbad Pratidin
@sangbadpratidin
জগদ্ধাত্রী পুজোর আবহে সেজে উঠেছে নদিয়ার কৃষ্ণনগর। বুড়িমার প্রতিমা দেখতে বহু ভক্ত, সাধারণ মানুষের ভিড় হয় চাষাপাড়ায়। আগামী কাল, মঙ্গলবার কৃষ্ণনগরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই এবার ঐতিহ্যবাহী চাষাপাড়ার বুড়িমার উদ্বোধন হবে। বুড়িমা-সহ চারটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চাষাপাড়া সেই আবহে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে বরণ করতে বিশেষ আয়োজন করা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হবে বলেও খবর।
বুড়িমার চক্ষুদান আগেই সম্পন্ন হয়েছে। এদিন সকাল থেকেই প্রতিমার সাজসজ্জার কাজ চলছে। কৃষ্ণনগরে অষ্টমী থেকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। আজ, সোমবার থেকেই মানুষজন মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় করছেন। আগামী কাল, মহাঅষ্টমী তিথিতে দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী চাষাপাড়ায় যাবেন বলে খবর। সেজন্য একাধিক রাস্তায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। মন্দিরে প্রবেশের মূল রাস্তা, অর্থাৎ কারমাইকেল স্কুলের সামনে দিয়ে রামজে রোডের প্রবেশপথ নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রিত থাকবে। বুড়িমা মন্দির সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কালীচরণ লাহিড়ী লেন এবং দীপু ব্যানার্জি লেনেও গার্ডরেল বসিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। মূলত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং মন্দির চত্বরে ভিড় নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।
পুজো উদ্যোক্তাদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়ে ঘূর্ণির বুড়িমাকে দর্শন করতে আসছেন। শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে বাঙালির নিজস্ব ঐতিহ্যের ছোঁয়া রাখা হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী ঢাক বাজবে তাঁর আগমনে। এলাকার মহিলারা লাল পাড় সাদা শাড়িতে উপস্থিত থাকবেন। মন্দিরে ঢোকার রাস্তায় মুখ্যমন্ত্রীকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হবে। গোটা সময়কে স্মরণীয় করে রাখতে চান পুজো উদ্যোক্তারা। দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন। প্রথমে মন্দিরে প্রবেশ করে বুড়িমাকে প্রণাম করবেন তিনি। এরপর মণ্ডপের পাশের নির্দিষ্ট মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। ঘূর্ণি চাষাপাড়া ঘূর্ণি পুজো কমিটির সম্পাদক অর্ণব গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে তাঁদের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রীর আগমনের সময় বুড়িমা দর্শনে আসা সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ থাকবে। ওই চত্বর গার্ডরেল দিয়ে ঘেরা থাকবে। সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের গার্ডরেলের পিছনে নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। মুখ্যমন্ত্রী মন্দিরে পৌঁছনোর পর নিরাপত্তার কারণে মন্দিরের ভিতরে পাঁচজনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
16

Comments (0)

Login to join the conversation