মায়াপুর ইসকনে প্রবাসী বাঙালি পর্যটকদের ‘হেনস্তা’, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
West Bengal 09 Oct 2026, 08:36 PM

মায়াপুর ইসকনে প্রবাসী বাঙালি পর্যটকদের ‘হেনস্তা’, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

S
Sangbad Pratidin
@sangbadpratidin
মায়াপুর ইসকনে বেড়াতে গিয়ে হেনস্তার শিকার প্রবাসী বাঙালি পর্যটক। অভিযোগ, সেখানে থাকা বেশ কয়েকজন বাংলা ভাষায় কথা বলতে বলায় তাঁদের সঙ্গে দুব্যবহার করেন। অভিযোগ জানাতে গেলে কার্যালয়ে থাকা অনেকেই তাঁদের রীতিমতো হুমকি দেন এবং মারধর করার চেষ্টা করেন বলেও জানান ওই পর্যটকেরা। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এই ঘটনা প্রসঙ্গে মায়াপুর ইসকন কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যাদের বিরুদ্ধে হেনস্তা করার অভিযোগ উঠেছে, তারা আদৌ ইসকনের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা, তা এখনও স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিওটি থেকে জানা গিয়েছে, ঘটনাটি গত ৭ অক্টোবরের। ওইদিন এক পরিবারের ৯ জন মায়াপুরের ইসকনে গিয়েছিলেন। ওই পরিবারের মেয়ে, জামাই এবং তাঁদের দুই সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন। বাংলায় বেড়াতে এসে পরিবারের সকলকে নিয়ে তাঁরা মায়াপুরে যান। সেখানে গিয়ে গদাভবন থেকে মাথাপিছু ৫০ টাকা করে মোট ৯ জনের ভোগ প্রসাদের কুপনও কাটেন। তাঁদের গোটা চত্বর ঘুরে দেখাচ্ছিলেন এক ব্যক্তি। পরিবার সূত্রে খবর, ওই ব্যক্তি হিন্দি ভাষায় কথা বলছিলেন। পরিবারের তরফে বাংলায় কথা বলতে অনুরোধ করা হয়। কারণ, অস্ট্রেলিয়া নিবাসী খুদেরা বাংলা এবং ইংরাজি ভাষা বোঝে। তারা হিন্দি একেবারেই বোঝে না। একথা শুনে ওই ব্যক্তি অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি কিছুতেই হিন্দি ছাড়া অন্য কোনও ভাষা বলতে রাজি হননি বলেই দাবি পরিবারের। তিনি বেশ রূঢ়ভাবে সেখান থেকে ওই পর্যটকদের চলে যেতে বলেন বলেই দাবি পরিবারের লোকজনের।
এরপর মায়াপুর ইসকনের কার্যালয়ে গিয়ে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় ওই পরিবার। নিরাপত্তারক্ষীরাও নাকি তাঁদের অফিসে গিয়েই জানাতে বলেন। অফিসে প্রথমে একজনের সঙ্গে দেখা হয়। তিনি ঘটনাটি শুনে বলেন, “ভুল হয়ে থাকলে দুঃখিত, ভিডিও থাকলে পাঠান, আমি উপরমহলে জানাব।” ঠিক তখনই আরেক ব্যক্তি ঘটনাস্থলে আসেন। তিনিও কার্যত ওই পর্যটকদের অপমান করেন বলেই অভিযোগ। বেশ ক্ষোভের সুরে বলেন, “আপনাদের কোন ভাষায় বোঝাতে হবে বলুন, আমি গিয়ে আপনাদের সেই ভাষায় বলে আসব।” এরপরই পর্যটকরা অভিযোগ করতে চান বলেই জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলতে চান।
পর্যটকদের অভিযোগ, এরপর অফিস থেকে বেরিয়ে আসার সময় এক ব্যক্তি কার্যত মারধর করার চেষ্টা করেন। সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ডিলিট করার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও নিরাপত্তারক্ষীরা তাঁদের সঙ্গে ভদ্র ব্যবহার করেন বলেই দাবি পর্যটকদের। এরপরই মায়াপুর ইসকন থেকে চলে যান তাঁরা। সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই পর্যটকেরা। যদিও এই প্রসঙ্গে মায়াপুর ইসকনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্তরা আদৌ মায়াপুর ইসকনের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা, তাও স্পষ্ট নয়।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation